ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কাঙ্ক্ষিত ‘ধানের শীষ’ প্রতীক না পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘হাঁস’ প্রতীক চাইবেন বলে জানিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। গত বুধবার (২৪ ডিসেম্বর) তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে দাদা–দাদির কবর জিয়ারত করেন। ইসলামপুর তাঁর পৈতৃক এলাকা হলেও বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা। সম্প্রতি ইসলামপুর ও বুধন্তী ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে—এই আসন থেকেই তিনি নির্বাচনে লড়বেন।
রুমিন ফারহানা বলেন, “আমি টানা ১৭ বছর মানুষের পক্ষে কথা বলেছি। আমার সঙ্গে অন্যায় হয়েছে। জোটের প্রার্থীকে মনোনয়ন না দেওয়ার বিষয়ে জনগণের দাবিকে উপেক্ষা করা হয়েছে। জনগণই ভোটের মাধ্যমে এর জবাব দেবে।”
উল্লেখ্য, রুমিন ফারহানার বাবা ভাষা সৈনিক ও রাজনীতিবিদ অলি আহাদ ১৯৭৩ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (তৎকালীন কুমিল্লা-২ আসনে) নির্বাচনে অংশ নেন। সে নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী তাহের উদ্দিন ঠাকুরের কাছে পরাজিত হন। অভিযোগ রয়েছে, সে সময় অলি আহাদকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছিল।