দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রথমবারের মতো বাবার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ২৬ ডিসেম্বর বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
সমাধি প্রাঙ্গণে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর পাশে থাকা দলীয় নেতাকর্মীদের সরে যেতে অনুরোধ জানান তারেক রহমান। তিনি একান্তে কিছুক্ষণ বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন। দীর্ঘদিন পর মাতৃভূমিতে ফিরে বাবার সমাধিতে দাঁড়ানোর এই মুহূর্ত উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।
এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে জিয়াউর রহমানের সমাধির উদ্দেশে রওনা হন তারেক রহমান। পথে বিজয় সরণি মোড়ে নেতাকর্মীদের ব্যাপক ভিড়ে তার গাড়িবহর আটকে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে বহরটি নিরাপদে এগিয়ে নেন।
এর আগে গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা পর্যন্ত অগণিত মানুষের ঢল নামে। নজিরবিহীন এই জনসমাগমে পুরো ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়।
পরে বিকালে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনায় বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ও দেশ গড়ার প্রত্যয় তুলে ধরেন। আবেগঘন কণ্ঠে তিনি একটি নিরাপদ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নের কথা বলেন, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হবে।