বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর দেশে ফেরা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন গতি আনবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে আসিফ মাহমুদ বলেন, এটি কেবল একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়; বরং গণতন্ত্র ও মানুষের প্রত্যাশার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় দেশের বাইরে থাকলেও তারেক রহমান আদর্শিক ও আত্মিকভাবে দল, দেশ এবং জনগণের সঙ্গে সংযুক্ত ছিলেন। তার প্রত্যাবর্তন মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পোস্টের শেষাংশে আসিফ মাহমুদ লেখেন, তিনি লেখেন, ‘দেশের জন্য, মানুষের জন্য আপনার পথচলা হোক সফল ও কল্যাণকর।’