বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি শারীরিকভাবে গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত থাকলেও তার মন পড়ে আছে হাসপাতালে অসুস্থ মায়ের কাছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে আবেগঘন কণ্ঠে তিনি এ কথা বলেন।
বক্তব্যে তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে তার ও তার পরিবারের ওপর কী ঘটেছে, তা দেশের মানুষ ভালোভাবেই জানেন। তিনি বলেন, “এতদিন আমার সঙ্গে কী হয়েছে আপনারা সবাই জানেন। আমার মা বেগম খালেদা জিয়া দেশকে ভালোবেসেছেন, দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন। তার সঙ্গে কী হয়েছে, সেটাও আপনারা প্রত্যেকেই অবগত।”
তিনি আরও বলেন, সন্তান হিসেবে আজকের এই আনন্দের মুহূর্তেও তার হৃদয় ভারাক্রান্ত। কারণ, তার মা বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “সন্তান হিসেবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ—আজ আপনারা সবাই আল্লাহর দরবারে দোয়া করবেন, যেন আল্লাহ তায়ালা তাকে তৌফিক দেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”
তারেক রহমানের এই বক্তব্যে পুরো মঞ্চজুড়ে নীরবতা নেমে আসে। অনেক নেতাকর্মীকেও আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। বক্তব্যের সময় তিনি বারবার তার মায়ের অবদান ও ত্যাগের কথা স্মরণ করেন এবং বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়া যে সংগ্রাম করেছেন, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথমবারের মতো বড় জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, এই প্রত্যাবর্তন শুধু তার ব্যক্তিগত আনন্দের বিষয় নয়, বরং এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
বক্তব্যের শেষ অংশে তিনি আবারও তার মায়ের সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং বলেন, দেশের মানুষের ভালোবাসা ও দোয়ার শক্তিতেই সব কঠিন সময় অতিক্রম করা সম্ভব।