আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।
এই আসনটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর নিজ নির্বাচনি এলাকা হিসেবে পরিচিত। ফলে দেলাওয়ার হোসেনের মনোনয়নপত্র সংগ্রহ ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এর মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই আসনে প্রার্থী হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে।
এর আগে, গত ১৯ ডিসেম্বর একই আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূরে শাহাদত সজন।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ জানান, প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এখন পর্যন্ত বড় রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা ও উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির সাংগঠনিক অবস্থান শক্ত হলেও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতার প্রার্থী হওয়া জোটগত ও কৌশলগত রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে শেষ পর্যন্ত বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো সমঝোতা হয় কি না—সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।