অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর প্রার্থীরা নিজস্ব প্রতীক শাপলা কলি নিয়েই নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী স্পষ্ট করে বলেন, এনসিপির কোনো প্রার্থী ধানের শীষ বা অন্য কোনো দলের প্রতীকে নির্বাচন করবে না। ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা বা আলোচনা হয়, তবুও এনসিপির সব প্রার্থী শাপলা কলি প্রতীকেই ভোটের মাঠে থাকবেন। তিনি বলেন, প্রতীক নিয়ে আপসের প্রশ্নই ওঠে না, এটি দলের নীতিগত অবস্থান।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানো না করে ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় এনসিপি। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগের কথাও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার এখনো সম্পন্ন হয়নি এবং হত্যাকারীদের শনাক্ত করা যায়নি, যা নির্বাচনের জন্য অশনিসংকেত।
নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তার ভাষায়, সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সন্তোষজনক নয়। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও ভারত নির্বাচন পেছানোর জন্য দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে এনসিপি চায়, সব বাধা অতিক্রম করে ঘোষিত তারিখেই ভোট হোক।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, দলের প্রার্থীদের নির্বাচন কমিশনের সব বিধিমালা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে সব দলের প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
তিনি জানান, তিন বাহিনীর সঙ্গে ইসির সমন্বয়ের বিষয়ে কিছুটা আশ্বস্ত হলেও দেশের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র সংগ্রহের সময় যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, তা উদ্বেগজনক। এসব বিষয় নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে।
এনসিপির এই নেতা বলেন, নির্বাচন কমিশনের চারপাশে নিরাপত্তা থাকলেও দেশের বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ে তা পর্যাপ্ত নয়। তবে ইসি আশ্বাস দিয়েছে, নিরাপত্তার বলয় আরও জোরদার করা হবে।