আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী–২ আসনে দলীয় প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বাংলাদেশ আর কখনো আধিপত্যবাদী ও সন্ত্রাসবাদী শক্তির কাছে মাথা নত করবে না। তিনি বলেন, “আমরা দেখতে চাই তোমাদের কত বুলেট আছে, কত শেখ হাসিনা আছে।”
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফেনী শহরের কিং কমিউনিটি সেন্টারে গণতান্ত্রিক সংস্কার জোট আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শোক ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশে মঞ্জু বলেন, শেখ হাসিনা গুম-খুনের রাজনীতির মাধ্যমে দীর্ঘ শাসন কায়েম করেছিলেন। কিন্তু মানুষ যেদিন জেগে উঠেছে, সেদিন পালানোর জন্য ১৫ মিনিট সময়ও পাননি—এমন মন্তব্য করে তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতার কথা তুলে ধরেন। তার ভাষায়, যে কোনো মোড়কে ফ্যাসিবাদকে আর ফিরতে দেওয়া হবে না।
নির্বাচন ও রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে এবি পার্টি চেয়ারম্যান বলেন, ভোটে জিতলেই সবকিছু করার অধিকার চলে আসে—এমন ধারণা ভুল। যারা নির্বাচিত হবেন, তাদের বিরোধী দলের পরামর্শ ও অংশগ্রহণের ভিত্তিতে কমিটি গঠন করে কাজ করতে হবে। তিনি অভিযোগ করেন, সংবিধানের দোহাই দিয়ে অতীতে মানুষের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে; তখন যারা নীরব ছিলেন, তারা এখন ক্ষমতার কাছাকাছি গিয়ে সংবিধানের কথা বলছেন।
মঞ্জু আরও বলেন, সরকারে গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, ইভটিজিং ও মবসন্ত্রাস বন্ধ করাই অগ্রাধিকার হওয়া উচিত। প্রশাসন ও পুলিশ যদি দলীয় হস্তক্ষেপ ছাড়া দায়িত্ব পালন করতে পারে, তবে দেশে শান্তি ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি দাবি করেন, গণতান্ত্রিক সংস্কার জোট একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করছে। আগামীর নির্বাচনকে তিনি “পরিবর্তনের নির্বাচন” আখ্যা দিয়ে বলেন, এই নির্বাচন শহীদ আবু সাঈদ ও শহীদ ওসমান হাদিদের মৃত্যুর ন্যায্য বিচার ও জবাব নিশ্চিত করার রাজনৈতিক সুযোগ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ বিভিন্ন দলের নেতারা।