জমায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল (মিডিয়া) এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, আচরণবিধি মেনে প্রচারণা সামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যেই সরিয়ে নিয়েছে জামায়াতে ইসলামী।
তবে অনেকেই আচরণবিধি মানছেন না। এ বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেছি।
বুধবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াত ইসলামীর যেসব প্রার্থী নির্বাচনে অংশ নেবেন, বিভিন্ন জায়গায় প্রচারণায় যাচ্ছেন, তাদের নিরাপত্তার দাবি জানিয়েছি ইসিতে। কেউ ভিআইপি সুবিধা পাবে, কেউ পাবে না সেটা হতে পারে না।
নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা তত বাড়বে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের অনেক কারণ আছে।
এ জন্য অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করা জরুরি। যত দিন যাবে তত আশঙ্কা বাড়বে।
তিনি বলেন, তারেক রহমানের সংবর্ধনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না তা দেখার দায়িত্ব ইসির।