আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।
এর মাধ্যমে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে অংশ নেওয়ার যে ঘোষণা তিনি আগেই দিয়েছিলেন, তার বাস্তবায়নের প্রথম ধাপ সম্পন্ন করলেন রুমিন ফারহানা। গত কয়েকদিন ধরেই তিনি প্রকাশ্যে জানিয়ে আসছিলেন, বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই তিনি নির্বাচনে লড়বেন। গত সপ্তাহে এক মতবিনিময় সভায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, “মার্কা যা-ই হোক, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।”
এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন, বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোটগত সমঝোতার কারণে এ আসনে দলীয় মনোনয়ন পাননি তিনি। তবে দলীয় শৃঙ্খলার প্রতি সম্মান রেখে আগাম পদত্যাগের ইঙ্গিতও দেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই অবস্থান দলীয় রাজনীতিতে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে।
রুমিন ফারহানার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মনোনয়নপত্র সংগ্রহের পর তিনি দ্রুত তা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি নির্বাচনী কার্যক্রম জোরদার করতে ইতোমধ্যে নির্বাচনী অফিস স্থাপন ও প্রচারকাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জমিয়তে উলামার ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিব। বিষয়টি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেন।
বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এই আসনে রুমিন ফারহানার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।