আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে ব্যতিক্রমীভাবে মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনায় এসেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তিনি রিকশায় চড়ে কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার এই ব্যতিক্রমী উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুফতি আমির হামজা বলেন, হত্যাকাণ্ড কখনোই সমর্থনযোগ্য নয় এবং যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে। তিনি দাবি করেন, বর্তমানে দেশে যেসব হত্যাকাণ্ড ঘটছে, এর পেছনে দেশি ও বিদেশি চক্রান্ত থাকতে পারে। কিছু মহল পরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দিতে চায় বলেও তিনি মন্তব্য করেন।
আমির হামজা বলেন, “নির্বাচিত সরকার না থাকলে দেশে কী পরিস্থিতি তৈরি হয়, তা আমরা অতীতে দেখেছি। তাই আমরা চাই নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হোক এবং প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।” তিনি আরও জানান, নির্বাচন নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে—এমনটাই তার প্রত্যাশা।
নির্বাচনী মাঠের পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে জামায়াত প্রার্থী বলেন, দীর্ঘদিন ধরেই তিনি মাঠে সক্রিয় রয়েছেন। কুষ্টিয়া সদর আসনের দুই থানার প্রায় প্রতিটি ঘরে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। “মানুষের কাছ থেকে যে সাড়া পেয়েছি, তাতে আমি আশাবাদী—বিপুল ভোটে জয়ী হব,” বলেন তিনি।
এ সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। রিকশায় করে মনোনয়নপত্র সংগ্রহের এই দৃশ্যকে অনেকেই সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততার প্রতীক হিসেবে দেখছেন, যা নির্বাচনী প্রচারে ভিন্ন মাত্রা যোগ করেছে।