দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয়ভাবে তাকে স্বাগত জানাতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিমানবন্দরে তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং যুগ্ম সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের শীর্ষ পর্যায়ের আরও কয়েকজন নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বিএনপি নেতারা জানান, এটি কোনো বড় আকারের আনুষ্ঠানিক সংবর্ধনা নয়। দলীয় শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সীমিত পরিসরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে। বিমানবন্দরের ভেতরে নির্ধারিত ভিআইপি এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্র আরও জানায়, বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্ধারিত গণসংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর তিনি তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর সঙ্গে সাক্ষাৎ করতে এভারকেয়ার হাসপাতাল যাবেন।
বিএনপির নেতাদের মতে, তারেক রহমানের দেশে ফেরা শুধু ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়; এটি দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়। দলের শীর্ষ নেতৃত্ব মনে করছে, এই প্রত্যাবর্তন বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।
উল্লেখ্য, ২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর টানা প্রায় ১৭ বছর লন্ডনে অবস্থান করেন তারেক রহমান। দীর্ঘ এই সময়ের পর তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও প্রত্যাশা দেখা যাচ্ছে।