এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল অলি অভিযোগ করে বলেন, বিএনপি তাদেরকে অবমূল্যায়ন করেছে। তিনি জানান, জোট আলোচনার অংশ হিসেবে এলডিপি বিএনপির কাছে ১৪ জন প্রার্থীর একটি শর্টলিস্ট দিয়েছিল। তবে সেই তালিকাকে গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি নেতাকর্মীরা দুই ঘণ্টা অপেক্ষা করলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের সঙ্গে সাক্ষাৎ করেননি।
বুধবার মগবাজারে এলডিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে ড. কর্নেল অলি আরও বলেন, এলডিপির রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে হলেও বিএনপি চাইলে অন্তত শর্টলিস্টটি বিবেচনায় নিতে পারত। আমরা কখনোই বলিনি, তালিকার সবাইকে আসন দিতে হবে। কিন্তু সেই ন্যূনতম সম্মানটুকুও দেখানো হয়নি। এ কারণেই আসন্ন সংসদ নির্বাচনে এলডিপি এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।