দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে যুক্তরাজ্য থেকে নিজ মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
লন্ডনের স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় তিনি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর বিজি-২০২ ফ্লাইটে ঢাকার পথে যাত্রা করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে তাঁর বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।
দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরা ঘিরে দেশজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে শৃঙ্খলা ও দেশের সম্মান রক্ষার স্বার্থে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ভিড় না করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
গত ১৬ ডিসেম্বর লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ যারা মানবেন, তারা দল ও দেশের মর্যাদা রক্ষা করবেন। একই সঙ্গে তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, দেশের মানুষের কল্যাণে যে পরিকল্পনাগুলো সামনে রেখেছেন, সেগুলো বাস্তবায়নে আল্লাহ যেন তাঁকে তৌফিক দেন।