আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
তবে দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে মনোনয়ন কেনার আগেই দল থেকে সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মোবাইল ফোনে রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই তিনি নির্বাচন করবেন। তাঁর ভাষায়, বিএনপি একটি বড় দল হওয়ায় জোটের স্বার্থে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোট থাকায় দল বাধ্য হয়ে আসন ছেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী হলে দলীয় শাস্তির বিষয়ে জানতে চাইলে রুমিন বলেন, দল যদি ব্যবস্থা নিতে চায়, সেটি তাদের এখতিয়ার। তবে তিনি মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করবেন। তিনি আরও জানান, আগামী এক–দুই দিনের মধ্যে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে এবং স্বতন্ত্র প্রতীক কী হবে, তা পরে নির্ধারিত হবে। স্থানীয় জনগণের ভালোবাসার ওপর তিনি আস্থা রাখেন বলেও জানান।
এর আগে একই দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম–এর সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব–কে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং দলের সিদ্ধান্তের বাইরে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিএনপির ঐতিহ্যগত ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে রুমিন ফারহানার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে।