জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ‘শহীদি শপথ’ পাঠ অনুষ্ঠানে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
কর্মসূচির অংশ হিসেবে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেশের প্রতিটি দেয়াল ও রাস্তায় শহীদ ওসমান হাদির সার্বভৌমত্ব ও ইনসাফের লড়াইয়ের ইতিহাস দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরতে। একই সঙ্গে এই দুই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির লড়াইয়ের বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান তিনি।
আব্দুল্লাহ আল জাবের বলেন, আগামী ২৬ ডিসেম্বরের কর্মসূচি ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হবে। তিনি দাবি করেন, ওসমান হাদি সহিংসতায় বিশ্বাস করতেন না এবং তার জানাজায় প্রায় ১৫ লাখ মানুষের অংশগ্রহণ প্রমাণ করে, তিনি জনগণের নেতা ছিলেন।
এ সময় তিনি গুরুতর অভিযোগ তুলে বলেন, ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। ওইদিন সবার ব্যস্ততার সুযোগে ওসমান হাদির খুনিদের বিদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে ইনকিলাব মঞ্চের কাছে তথ্য রয়েছে। তাঁর দাবি, হাদি হত্যার পেছনে প্রভাবশালী মহল রয়েছে বলেই খুনিদের এখনও জনসম্মুখে আনা হয়নি।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আরও দাবি জানানো হয়, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিদেশি গোয়েন্দা সংস্থার সহায়তায় তদন্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে।