বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতা চালু করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন পাস করা হবে না। পাশাপাশি কওমি মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি দাবি করেন, ধর্মীয় শিক্ষাব্যবস্থা ও আলেম সমাজের সম্মান রক্ষায় বিএনপি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সিলেট-৫, নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম–এর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, ইসলামি দলগুলোর মধ্যে জমিয়তই এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে রয়েছে। আসন সমঝোতার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং বিএনপি এ সিদ্ধান্তকে স্বাগত জানায়। নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনী ঘোষণাকে বিএনপি স্বাগত জানালেও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
বিএনপির দাবি, ক্ষমতায় গেলে ধর্মীয় মূল্যবোধ, আইনশৃঙ্খলা ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাই হবে তাদের অগ্রাধিকার।