বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া–কে ঘিরে আবেগঘন স্মৃতিচারণ করেছেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর মেয়ে জাইমা রহমান। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে ছোটবেলার একটি ছবি প্রকাশ করে খালেদা জিয়াকে ‘দাদু’ সম্বোধন করে জাইমা রহমান লেখেন, তিনি দাদুর পাশে থাকতে চান এবং এই সময়টাতে বাবাকে সর্বাত্মক সহায়তা করতে চান।
পোস্টে জাইমা স্মরণ করেন, পরিবারকে আগলে রাখা একজন মমতাময়ী অভিভাবক হিসেবে খালেদা জিয়ার ভূমিকা ছিল তাঁর জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি। তিনি লেখেন, ছোটবেলায় স্কুল ফুটবল টুর্নামেন্টে পদক জয়ের গল্প দাদুকে শোনানোর সময় খালেদা জিয়া অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছিলেন এবং তাতে গভীরভাবে গর্ববোধ করেছিলেন।
জাইমার কাছে খালেদা জিয়া শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, বরং পরিবারের ‘দাদু’, যিনি সবসময় তাদের পাশে থেকেছেন।
বিদেশে কাটানো দীর্ঘ সময়ের কথাও তুলে ধরেন জাইমা রহমান। তিনি লেখেন, প্রবাসজীবন তাঁকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে, তবে হৃদয়-মন সবসময় বাংলাদেশেই ছিল। আইন পেশায় কাজ করতে গিয়ে মানুষের কষ্ট ও ন্যায়বিচারের গুরুত্ব তিনি গভীরভাবে উপলব্ধি করেছেন বলেও উল্লেখ করেন।
দেশে ফেরার প্রসঙ্গে জাইমা লেখেন, অনেক বছর পর দেশে ফেরা তাঁর জন্য আবেগের বিষয়। দেশে ফিরে তিনি দাদুর পাশে থেকে বাবার দায়িত্ব পালনে সহায়তা করতে চান এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য কাজ করতে চান।
উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান।