আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শীর্ষ নেতাদের নিরাপত্তা ও দলীয় প্রচারণা জোরদারে প্রস্তুতি সম্পন্ন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর অংশ হিসেবে দলের কেন্দ্রীয় প্রচারণার জন্য কেনা একটি অত্যাধুনিক বুলেটপ্রুফ বাস দেশে পৌঁছেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনী প্রচারকাজে ব্যবহারের উদ্দেশ্যে বিদেশ থেকে আনা বুলেটপ্রুফ বাসটি গতকাল চট্টগ্রাম বন্দর থেকে খালাস নেওয়া হয়েছে। বর্তমানে এটি চট্টগ্রাম থেকে ঢাকার পথে রয়েছে এবং আজ বা আগামীকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছানোর কথা। নির্বাচনকালীন সময়ে দেশব্যাপী কর্মসূচিতে শীর্ষ নেতাদের নিরাপদ যাতায়াত ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতেই এই বাসটি সংগ্রহ করা হয়েছে।
দলীয় সূত্র আরও জানায়, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্বাচনী প্রচারণার সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত জুন ও অক্টোবরে একটি বুলেটপ্রুফ জিপ ও একটি বুলেটপ্রুফ বাস কেনার বিশেষ অনুমতি দেয়। নেতাদের শারীরিক অবস্থা ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতেই এ অনুমোদন দেওয়া হয়।
বিএনপির নেতারা বলছেন, এই বিশেষ যানবাহনগুলো নির্বাচনী প্রচারণা ও জনসভায় শীর্ষ নেতাদের নিরাপদ চলাচল এবং কার্যকর উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।