বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহিদুল ইসলাম বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি ছিলেন আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে এক আপসহীন বীর। তাকে হত্যার মাধ্যমে যারা পরিস্থিতি বদলে দেওয়ার চেষ্টা করেছে, তারা মারাত্মক ভুল করেছে। শহীদ হাদির জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখলেই সেই ভুলের গভীরতা বোঝা যায় বলে মন্তব্য করেন তিনি।
শনিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত শহীদ শরিফ ওসমান হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাহিদুল ইসলাম বলেন, জুলাই–আগস্টের যে আদর্শিক ভিত্তির ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেখানে একজন হাদিকে হত্যা করে সেই চেতনাকে পরিবর্তন করা সম্ভব নয়। তিনি বলেন, যারা মনে করে একজন জুলাইযোদ্ধাকে হত্যা করে দেশের ভবিষ্যৎ সম্ভাবনার ধারাকে থামিয়ে দেওয়া যাবে, তারা বাস্তবতা থেকে অনেক দূরে রয়েছে।
শিবির সভাপতি আরও বলেন, যারা শাহাদাতের আকাঙ্ক্ষায় উজ্জীবিত, তাদের মৃত্যুর ভয় দেখিয়ে দমন করা যায় না। জুলাইয়ের তরুণ বিপ্লবীরাও মৃত্যুকে ভয় পায় না। ইসলামী ছাত্রশিবিরের শত শত শহীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় আজ লাখো মানুষ ইনসাফভিত্তিক সমাজের স্বপ্ন লালন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলেছে, ইতিহাসে তাদের অনেককেই শহীদ হতে হয়েছে। শহীদ হাদিও সেই ধারাবাহিকতার অংশ।
ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, শহীদ ওসমান বিন হাদি একটি নাম নয়, একটি ইতিহাস। আগ্রাসন, ফ্যাসিবাদ, দুর্নীতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিনি ছিলেন এক প্রতিবাদী কণ্ঠস্বর।
সভায় আরও বক্তব্য দেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জাগপা সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
সভা শেষে শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।