বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির আমির ডা. শফিকুর রহমানের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে।
দলের অফিস সেক্রেটারি আ.ফ.ম. আবদুস সাত্তারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতে রাজনৈতিক কারণে জামায়াতের বহু নেতা অমানবিক নির্যাতন, গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগ সংশ্লিষ্ট সন্ত্রাসীদের হামলার ঝুঁকি বাড়ায় দলের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অপতৎপরতা বাড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় জামায়াত আমিরের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে গানম্যান নিয়োগ এবং তার বাসভবনে পোশাকধারী সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়, নির্বাচনী সময়কালে দেশব্যাপী দলীয় কর্মসূচি ও জনসভায় নিয়মিত অংশগ্রহণের কারণে এই নিরাপত্তা ব্যবস্থা বিশেষ গুরুত্ব বহন করে।