আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডে অবস্থিত জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে হেলালুজ্জামান লালু বলেন, বগুড়া-৭ আসনটি বেগম খালেদা জিয়ার নিজস্ব রাজনৈতিক এলাকা। এই আসন থেকে তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বগুড়ার মানুষ তাদের প্রিয় নেত্রীকে আবারও সংসদে দেখতে মুখিয়ে আছেন। তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো এবারের নির্বাচনে ম্যাডামকে সর্বোচ্চ সংখ্যক ভোট উপহার দেওয়া।”
বিএনপি প্রধানের এই আসন থেকে প্রার্থী হওয়ার খবরে গাবতলী ও শাজাহানপুর এলাকায় দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, দীর্ঘদিন পর খালেদা জিয়ার নির্বাচন করার খবরে মাঠপর্যায়ে নেতাকর্মীরা নতুন উদ্যমে সংগঠিত হচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে এই আসনে খালেদা জিয়া আবারও বিপুল ভোটে জয়লাভ করবেন।
এদিকে একই দিনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান-এর কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির শীর্ষ দুই নেতার মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে বগুড়ার রাজনীতিতে নতুন গতি এসেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণা আসন্ন নির্বাচনে বগুড়াকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্রে পরিণত করবে।