জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সেই লড়াইকে পরিপূর্ণ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার জাতীয় সংসদ ভবন এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজা নামাজে অংশ নিতে এসে এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, আল্লাহ শরিফ ওসমান হাদি ভাইকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কবুল করেছেন। এই দেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে নিজেদের মতো করে পরিচালনা করার যে স্বপ্ন তিনি লালন করতেন, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের ওপর এসে পড়েছে। বিদেশি আগ্রাসন, বিশেষ করে ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রেখে একটি গণতান্ত্রিক ধারার রাষ্ট্র প্রতিষ্ঠার যে সাংস্কৃতিক সংগ্রাম হাদি ভাই শুরু করেছিলেন, সেই লড়াইকে পরিপূর্ণ করাই আমাদের দায়িত্ব। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের জন্য দোয়া করছি।
তিনি আরও বলেন, শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা যে বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ, সেই পথেই আমাদের এগিয়ে যেতে হবে।
আখতার হোসেন বলেন, দলমত, রাজনৈতিক বিভাজন ভুলে গিয়ে গোটা জাতিকে জুলাইয়ের চেতনায় একতাবদ্ধ হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েই বাংলাদেশকে রক্ষা করতে হবে। সেই শক্তি ও প্রজ্ঞা আল্লাহ যেন আমাদের দান করেন, এই দোয়াই আমরা করছি।