জাতীয়তাবাদী ছাত্রদল জরুরি সভা আহ্বান করেছে। আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবনের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হবে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কেন্দ্রীয় সংসদের সব পর্যায়ের নেতাদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন। সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের পরবর্তী করণীয় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম জানান, কেন্দ্রীয় সংসদের জন্য এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব নেতাকে সময়মতো উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই স্থানে বিকাল সাড়ে ৪টায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজসহ ঢাকা মহানগর ও আশপাশের জেলা শাখাগুলোর ‘সুপার ফাইভ’ নেতাদের নিয়ে একটি জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।
ছাত্রদলের দায়িত্বশীল নেতারা জানান, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এই সভাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।