ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদি–এর হত্যাকাণ্ডের শোককে জাতীয় শক্তিতে রূপান্তরের আহ্বান জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ–এ শহীদ হাদির জানাজায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ ওসমান হাদি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। মানুষের অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি নির্ভীক কণ্ঠে কথা বলেছেন। এ দেশের সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম চালিয়ে গেছেন। তার এই আত্মত্যাগ শুধু একটি ব্যক্তিগত শোক নয়; এটি জাতির সামনে দায়িত্বের বার্তা বহন করে।
তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব হলো এই শোককে শক্তিতে রূপ দেওয়া। শান্তিপূর্ণভাবে সব রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করতে হবে। দেশি ও বিদেশি যেসব চক্র গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টি করতে চায় এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে, তাদের গণতান্ত্রিক ও সংগঠিত প্রতিরোধের মাধ্যমে উপযুক্ত জবাব দিতে হবে।
বিএনপির এই নেতা বলেন, হিংসা বা বিশৃঙ্খলা নয়—শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই শহীদ ওসমান হাদির আত্মত্যাগের প্রকৃত সম্মান জানানো সম্ভব। তার মতে, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে হাদির সাহস ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।
তিনি বলেন, শহীদ হাদির আদর্শ ধারণ করেই সামনে এগোতে হবে—এটাই হবে তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা।