ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় নুরুল হক নুর বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন দেশের একনিষ্ঠ ও লড়াকু তরুণ কণ্ঠস্বর। তিনি সাহসিকতা, দৃঢ়তা ও দেশপ্রেমের যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, এই সহযোদ্ধার মৃত্যুতে গণঅধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় গণঅধিকার পরিষদের সভাপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।