ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক ও দোয়া জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে দেওয়া পোস্টে তিনি লেখেন, বিপ্লবী ওসমান হাদিকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন এবং অন্যায়ের বিরুদ্ধে তার সাহসিকতা থেকে তরুণদের অনুপ্রাণিত হওয়ার তাওফিক দান করুন।
পোস্টের কমেন্ট বক্সে শায়খ আহমাদুল্লাহ আরও লেখেন, এমন মৃত্যু সত্যিই ঈর্ষণীয়। পরিণতি জেনেও অন্যায়ের বিরুদ্ধে আপসহীনতার এর চেয়ে উত্তম উদাহরণ নিকট অতীতে বিরল। তিনি বলেন, মৃত্যুভয় জয় করে শাহাদাতের আকাঙ্ক্ষা লালন করতে কেবল আদর্শ মুসলিম তরুণরাই পারে। শেষে তিনি দোয়া করেন—হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি এমন স্বার্থক মৃত্যু দান করো।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় গত ২০ ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলি লাগায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনদিন পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাকে মৃত ঘোষণা করা হয়।
হাদির ওপর হামলায় জড়িত হিসেবে ফয়সাল করিম মাসুদকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার সহযোগী হিসেবে মোটরসাইকেল চালক আলমগীর শেখের নামও উঠে এসেছে। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও র্যাব ১৪ জনকে আটক ও গ্রেপ্তার করেছে।
এদিকে গুলিবিদ্ধ হওয়ার এক মাস আগেই হত্যার হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন ওসমান হাদি। ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, দেশি-বিদেশি একাধিক নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। তবু তিনি ‘ইনসাফের লড়াই’ থেকে পিছু হটবেন না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছিলেন।