সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ওসমান হাদি যদি আর ফিরে না আসেন, তাহলে সারাদেশ অচল করে দেওয়ার কর্মসূচি নেওয়া হবে।
শরিফ ওসমান হাদি চব্বিশের গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই তার অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবা দান করেন।” একই সঙ্গে বিবৃতিতে উল্লেখ করা হয়, যদি তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, তাহলে সারাদেশের স্বাধীনতাকামী ও মজলুম জনতাকে সার্বভৌমত্ব রক্ষার দাবিতে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হবে।
বিবৃতিতে আরও বলা হয়, হাদির ওপর হত্যাচেষ্টায় জড়িত খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চলবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনে পুরো বাংলাদেশ অচল করে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি হামলাকারীরা ভারতে পালিয়ে গেলে, ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনো মূল্যে তাদের গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।
এদিকে শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্রসংগঠন ও সামাজিক মহল থেকে তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও সমর্থন অব্যাহত রয়েছে।