সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, হাদির স্বাভাবিক জীবনে ফিরে আসতে হলে এখন প্রয়োজন এক ধরনের ‘মিরাকল’।
এই অবস্থায় হাদির সুস্থতা কামনা করে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, শরিফ ওসমান হাদি সব সময়ই তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন। হাদির বহু বক্তব্য ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনাও তিনি করেছেন। তবু এই সংকটময় সময়ে তিনি চান, দয়ালু স্রষ্টা যেন হাদিকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।
নিজের পোস্টে মেঘমল্লার অতীতের একটি ঘটনা তুলে ধরে জানান, ডাকসু নির্বাচনের আগে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের সময় হাদি তাঁর পোস্ট শেয়ার করে ‘গেট ওয়েল সুন, ব্রাদার’ লিখেছিলেন। পরে সমালোচনার মুখে সেই শব্দ মুছে ফেললেও, বিষয়টি তাঁর মনে দাগ কেটেছে বলে উল্লেখ করেন মেঘমল্লার।
তিনি আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক শত্রুতা ব্যক্তিগত প্রতিপক্ষতায় রূপ নেওয়ার কথা ছিল, যেখানে মানবিক কনসার্ন স্বাভাবিক হতো। কিন্তু বাস্তবে তা হয়নি—এই প্রশ্নও তিনি তোলেন।
মেঘমল্লার জানান, হাদির সঙ্গে তাঁর সীমিত কয়েকবারের সাক্ষাতে তিনি তাকে ব্যক্তিগতভাবে অমায়িক মানুষ হিসেবেই পেয়েছেন। পোস্টের শেষে তিনি লেখেন, “কোনো এক মিরাকেলের মধ্যে দিয়ে ফিরে আসেন, ব্রাদার”—এই কামনাই এখন তাঁর।