জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিমের বক্তব্যকে ‘ফ্যাসিস্টসুলভ’ আখ্যা দিয়ে তা প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি অভিযোগ করেন, ড. রেজাউল করিম তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে অসম্মানজনক ভাষা ব্যবহার করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ্যানি এসব কথা বলেন। তিনি বলেন, একটি টকশোতে জামায়াতের প্রার্থী স্বীকার করেছেন যে এক ধরনের রাজনৈতিক দলের নেতারা এতিম ও দুঃস্থদের টাকা আত্মসাৎ করেছে।
এই ধরনের বক্তব্য অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররাই দিয়ে এসেছে। তিনি বলেন, ড. রেজাউল করিম প্রকাশ্যে দাবি করেছেন তিনি খালেদা জিয়ার নাম নেননি, কিন্তু প্রশ্ন হলো—এই বক্তব্যটি কাকে উদ্দেশ করে দেওয়া হয়েছে?
এ্যানি বলেন, খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিকভাবেও একজন সম্মানিত নেত্রী। তার বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ ও অবমাননাকর বক্তব্য ফ্যাসিস্টদের ভাষারই পুনরাবৃত্তি। তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়িয়েছে। তবে মূল বক্তব্যের দায় এড়ানো যাবে না।
বিএনপির এই নেতা আরও বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার নেত্রীকে অবজ্ঞা করা হয়েছে। ভিডিও রেকর্ডিং আমাদের কাছে রয়েছে। এরপরও যদি কেউ আল্লাহর কসম দিয়ে সত্য অস্বীকার করেন, সেটি জনগণ মেনে নেবে না।” তিনি স্পষ্ট করে বলেন, ড. রেজাউল করিমকে শুধু বক্তব্য প্রত্যাহার করলেই চলবে না, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং লক্ষ্মীপুরের মানুষের কাছেও দুঃখ প্রকাশ করতে হবে।
গণসংযোগকালে জেলা বিএনপি নেতা আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।