দেশে আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এই চক্রান্ত সফল হলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং স্বৈরাচারী শক্তি লাভবান হবে।
বুধবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, একটি বিশেষ মহল এমন পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে দেশে নির্বাচন অনুষ্ঠিত না হয়। এই অবস্থায় রাজনৈতিক দল ও গণতন্ত্রকামী শক্তিগুলোকে দৃঢ় ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত স্বার্থে বিভক্ত হলে তার খেসারত দিতে হবে পুরো দেশকে। তিনি সতর্ক করে বলেন, “যদি কোনো কারণে নির্বাচন বাধাগ্রস্ত হয়, তাহলে লাভবান হবে স্বৈরাচারী শক্তি ও পার্শ্ববর্তী দেশ, কিন্তু বাংলাদেশের জনগণের কোনো লাভ হবে না।”
বিএনপির এই নেতা বলেন, অতীতে যেমন একটি গণহত্যাকারী রাজনৈতিক শক্তি দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল, ঠিক তেমনি ২০২৪ সালেও আরেকটি গণহত্যাকারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল। এই দুই শক্তির চরিত্র এক এবং অভিন্ন। তিনি বলেন, বিএনপি একটি লড়াইয়ের দল, গণতন্ত্রের দল এবং জনগণের সমর্থনে গড়ে ওঠা রাজনৈতিক শক্তি।
শামসুজ্জামান দুদু আরও বলেন, ভালো মানুষের মুখোশ পরে কেউ যদি বিভ্রান্তি ছড়াতে চায়, তবে সবাইকে সতর্ক থাকতে হবে। ভুল সিদ্ধান্ত কিংবা ভুল পথে পা বাড়ালে দেশ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে তিনি সতর্ক করেন।
আলোচনা সভায় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বলেন, তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তার সুস্থতা কামনা করে তিনি বলেন, “আল্লাহর দরবারে আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ-সবল অবস্থায় আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক শামমী আখতার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতি, সাবেক সদস্য সচিব আব্দুর রহিমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।