বিএনপির মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে পরিকল্পিতভাবে ছাত্রসমাজকে ধ্বংস করার জন্য মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডকে উৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম বিকৃত করে ইতিহাসকে বিকৃতি করার মাধ্যমে দেশকে ভবিষ্যতের অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে কবি নজরুল ক্রীড়া সংঘ আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ’ শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে দেশের যুবসমাজকে মাদকাসক্তির দিকে ঠেলে দেওয়ার পেছনে একটি পরিকল্পিত অপচেষ্টা কাজ করেছে। এর ফলে সমাজে নৈতিক অবক্ষয় বেড়েছে এবং শিক্ষার্থীরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে বিএনপি ক্রীড়া চর্চাকে একটি কার্যকর মাধ্যম হিসেবে বিবেচনা করছে বলে তিনি জানান।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো সম্ভব। শিক্ষার পাশাপাশি ক্রীড়াকে জাতির মেরুদণ্ড হিসেবে গড়ে তুলতে বিএনপি কাজ করতে চায়। তিনি উল্লেখ করেন, বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখার মধ্যেই শিক্ষা ও ক্রীড়া উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, বিএনপির রাজনৈতিক দর্শন ও কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং তা বাস্তবায়নে নিজ নিজ ইউনিট থেকে সক্রিয় ভূমিকা রাখা সবার দায়িত্ব। এ সময় একটি সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
আগামী দিনে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক পথে ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করে ইশরাক হোসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং তার জন্য দোয়া চান।
তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর হামলা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। গণতন্ত্র ও দেশের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই তাঁকে ন্যাক্কারজনক হামলার শিকার হতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাবেদ ওমর, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক এম এ আজিজ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল ও কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।