বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি স্পষ্টভাবে জানান, তাঁর এই নির্দেশনা অমান্য করে যারা বিমানবন্দরে উপস্থিত হবেন, তাদের তিনি স্বার্থন্বেষী এবং দলের প্রতি অশ্রদ্ধাশীল হিসেবে বিবেচনা করবেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য সময় বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় এ নির্দেশনা দেন তারেক রহমান। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “দয়া করে আমি দেশে ফেরার দিন কেউ এয়ারপোর্টে এসে ভিড় জমাবেন না।” তিনি আরও বলেন, “যারা আমার এই অনুরোধ অমান্য করবেন এবং বিমানবন্দরে ভিড় করবেন, আমি ধরে নিবো তারা প্রত্যেকেই স্বার্থন্বেষী এবং দলের প্রতি অশ্রদ্ধাশীল।”
বাংলাদেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান জানান, তিনি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে যাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি ২৫ তারিখ দেশে ফিরে যাচ্ছি। তাই আপনাদের কাছে বিদায় নিতে এসেছি। আপনারা স্লোগান না দিয়ে সবাই শান্ত হয়ে বসুন। আসুন আমরা কিছু মতবিনিময় করি।” যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এই আলোচনায় তিনি শান্ত ও শৃঙ্খলাপূর্ণ রাজনৈতিক আচরণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারেক রহমান দলের সাংগঠনিক শৃঙ্খলা, রাজনৈতিক দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
দলীয় সূত্র জানায়, দেশে ফেরার আগে এটিই লন্ডনে তারেক রহমানের শেষ দলীয় কর্মসূচি। আয়োজকরা জানান, এই অনুষ্ঠানের মধ্য দিয়েই তিনি যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।
সময় স্বল্পতার কারণে কমিউনিটি ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।