জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তে এখনও ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের প্রভাব রয়ে গেছে। এই আধিপত্যবাদ উৎখাত করেই দেশের চূড়ান্ত স্বাধীনতা নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির আয়োজনে অনুষ্ঠিত ‘আগ্রাসনবিরোধী’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, পাকিস্তানি বাহিনী একাত্তরে লক্ষাধিক মানুষকে হত্যা করেছে এবং মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। সেই দৃশ্যমান দখলদার শক্তিকে আমরা বিতাড়িত করতে পেরেছি। কিন্তু ভারতীয় আগ্রাসন এখনো দেশের সর্বস্তরে বিদ্যমান।
তিনি বলেন, ২০২৪ সাল থেকে এই অদৃশ্য আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে এবং এই সংগ্রাম অব্যাহত থাকবে। এ লড়াইয়ে সফল হতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের স্বাধীনতার অংশ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এই চেষ্টার বিরুদ্ধে জনগণকে সচেতন ও প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।