আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের লন্ডনের বিমানবন্দরে ভিড় না করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এ অনুরোধ জানান তারেক রহমান।
তিনি বলেন, আজকের এই আয়োজন দুটি কারণে গুরুত্বপূর্ণ। একটি হলো ১৬ ডিসেম্বর—আমাদের মহান বিজয় দিবস। আরেকটি হলো, দীর্ঘ প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সঙ্গে ছিলাম। ইনশাআল্লাহ, আগামী ২৫ ডিসেম্বর আমি দেশে ফিরে যাচ্ছি।
দেশে ফেরার সময় লন্ডনের এয়ারপোর্টে যেন কোনো ধরনের হট্টগোল সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাবো। কিন্তু এখানে উপস্থিত প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ—সেদিন দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না।
তিনি বলেন, এয়ারপোর্টে গেলে সেখানে অযথা ভিড় ও হট্টগোল তৈরি হবে। এতে সবাই বুঝবে যে আমরা বাংলাদেশি, যা দেশের সুনাম এবং দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে।
তারেক রহমান আরও বলেন, যারা আমার এই অনুরোধ সম্মান করবেন এবং এয়ারপোর্টে যাবেন না, আমি ধরে নেব তারা দল ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেন। আর নিষেধের পরও যারা সেখানে যাবেন, তাদের বিষয়ে আমাকে মনে করতে হবে যে তারা ব্যক্তিগত স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘ প্রবাসজীবন শেষে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।