মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর–১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, জামায়াতে ইসলামী স্বাধীনতার চেতনাকে শুধু কথায় নয়, অন্তরে ধারণ করে। তার মতে, প্রকৃত দেশপ্রেমের অর্থ হলো সততা, ন্যায় ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠা করা, যা জামায়াতের আদর্শ ও কর্মকাণ্ডে প্রতিফলিত হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিজয় র্যালি শেষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মাসুদ সাঈদী দাবি করেন, জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মীর বিরুদ্ধে দেশের কোনো থানায় দুর্নীতি, চাঁদাবাজি কিংবা টেন্ডারবাজির মামলা নেই। তিনি বলেন, “এটাই প্রমাণ করে প্রকৃত স্বাধীনতার চেতনা কী এবং প্রকৃত দেশপ্রেম কাকে বলে।”
বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর পার করলেও এখনও একটি বৈষম্যহীন ও শোষণমুক্ত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হয়নি। যে স্বপ্ন নিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান হয়েছিল এবং সর্বশেষ ৫ আগস্ট আরেকটি গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন এসেছে—সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেন তিনি।
মাসুদ সাঈদী আরও বলেন, প্রতিটি আন্দোলন ও অভ্যুত্থানে যারা বুকের রক্ত ঢেলে দিয়েছেন এবং প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের একটাই আকাঙ্ক্ষা ছিল—বাঙালি জাতি যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং বাংলাদেশ একটি মর্যাদাশীল, ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত রাষ্ট্রে পরিণত হয়।
তিনি বলেন, ১৯৭১ সালের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হলে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, যারা অতীতে কেবল মুখে মুখে স্বাধীনতার চেতনার কথা বলেছে, তাদের অনেকেই দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িয়ে পড়েছে।
হাদির ওপর হামলার প্রসঙ্গ টেনে মাসুদ সাঈদী বলেন, এটি কোনো ব্যক্তির ওপর হামলা নয়; বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
বিজয় র্যালিতে পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদের সভাপতিত্বে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।