একটি পক্ষ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাছির উদ্দীন নাছির বলেন, বিজয়ের ৫৪ বছর আমরা পার করছি। এই বছরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিজয়ের ৫৪ বছর পর এসে আমাদের মধ্যে আশঙ্কা জাগ্রত হয়েছে যে, গত দুই দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন বিকৃত করেছে, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করেছে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি, একটি পক্ষ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে ভুলিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে।
তিনি বলেন, আমরা গত পাঁচ দশকে দেখেছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে মুক্তিযুদ্ধের একক মালিকানা দাবি করতো।
ছাত্রদলের এই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, গত কয়েকদিন আগে শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন উপ-উপাচার্য এরকম একটা দায়িত্বশীল পদে থেকে তিনি মহান মুক্তিযুদ্ধ ও আমাদের মহান বুদ্ধিজীবী দিবসকে খাটো করেছেন। প্রকৃত ইতিহাসকে বিকিয়ে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতে চেষ্টা করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর তীব্র নিন্দা জানাচ্ছে।
তিনি বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ৯০ এবং চব্বিশের প্রকৃত ইতিহাসকে ধারণ করে ছাত্রদল এগিয়ে যেতে চায়।