মহান বিজয় দিবস উপলক্ষে তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত যুব ম্যারাথনে লাখো নেতাকর্মীর ঢল নেমেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া এই কর্মসূচিকে ঘিরে ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সরেজমিনে দেখা যায়, জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও বিপুলসংখ্যক তরুণ সকাল থেকেই উদ্যানে জড়ো হন। এতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। ম্যারাথনের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বিজয় দিবসের চেতনা ধারণ করে দেশ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
জামায়াত সূত্র জানায়, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই যুব ম্যারাথনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক তরুণ অংশ নেন। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি একটি বৃহৎ গণজমায়েতের রূপ নেয়। অংশগ্রহণকারীদের অনেকের হাতে ছিল জাতীয় পতাকা, কেউ কেউ বিজয় দিবসের বার্তা সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ও সায়েন্সল্যাব অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের পাশের মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। পুরো রুটজুড়ে অংশগ্রহণকারীরা শৃঙ্খলাবদ্ধভাবে ম্যারাথনে অংশ নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে সক্রিয় ছিল।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা বক্তব্যে নতুন প্রজন্মের রাজনৈতিক সচেতনতা, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্ব দেন।
আয়োজকদের ভাষ্য, এই যুব ম্যারাথনের মূল উদ্দেশ্য হলো মহান বিজয় দিবসের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ সমাজকে সক্রিয় ও সচেতন করে তোলা।