বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একাত্তরের মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধী ছিল এবং এখনো তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যায়িত করে জামায়াত প্রকৃত মুক্তিযোদ্ধাদের চূড়ান্তভাবে অপমান করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, একাত্তরের ইতিহাস স্পষ্ট এবং প্রশ্নাতীত। যারা সেই সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে, তাদের কখনোই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে এক কাতারে দাঁড় করানো যায় না।
মির্জা আব্বাস আরও বলেন, “জামায়াত একাত্তরে স্বাধীনতাবিরোধী ছিল, আজও তারা একই ধারায় রাজনীতি করছে। তবে একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না। ইতিহাস বিকৃত করে গোলাম আযম ও নিজামীকে সূর্যসন্তান বলা মানে প্রকৃত মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে অবমাননা করা।” তিনি দাবি করেন, এ ধরনের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করে এবং জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একমাত্র পথ হলো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত হলে গণতন্ত্র আবারও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, সংকীর্ণ ও হীন স্বার্থে দেশের মানুষকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। তিনি সবাইকে বিভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এবং মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন।
বিজয় দিবসের দিনে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাদের এসব বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নিয়ে বিতর্কের মধ্যেই তারা সবাই মুক্তিযুদ্ধের মূল আদর্শ রক্ষার আহ্বান জানান।