ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার সকালে হাদির পরিবার এবং একাধিক সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন শরিফ ওসমান হাদি। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, রোগীকে বিদেশে নেওয়ার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শারীরিক অবস্থার বিবেচনায় তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাদির চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. আব্দুল আহাদ বলেন, “হাদির ফুসফুসের অবস্থা আগের মতোই আছে। লাইফ সাপোর্টের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছে। কিডনি কার্যকর রয়েছে। তবে মূল সংকট এখন মস্তিষ্কে।”
চিকিৎসকরা জানান, উন্নত নিউরো-ক্রিটিক্যাল কেয়ার সুবিধার জন্য সিঙ্গাপুরে নেওয়াই বর্তমানে সর্বোত্তম বিকল্প বলে মনে করা হচ্ছে। এজন্য একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে চিকিৎসা সহায়তার মধ্যেই তাকে স্থানান্তর করা সম্ভব হয়।
সূত্র জানায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদিকে ভর্তি করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি প্রয়োজনীয় ভিসা ও কাগজপত্রের আনুষ্ঠানিকতাও শেষ পর্যায়ে রয়েছে। সফরকালে তার সঙ্গে থাকবেন ছোট ভাই আবু বকর সিদ্দীক।
উল্লেখ্য, হাদির গুরুতর অসুস্থতার বিষয়টি সামনে আসার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আশ্বাস দেন, চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশে পাঠানো হবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়।
এ বিষয়ে হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ সরকারের সঙ্গে যোগাযোগ করলে সংশ্লিষ্ট মহল থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
গত ১২ ডিসেম্বর রাজধানীতে গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই শরিফ ওসমান হাদি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী সময়গুলো তার চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।