বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান। শনিবার সকাল ৯টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন।
সাক্ষাৎকালে জামায়াত আমিরের উপস্থিতিতে আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির দৃঢ় ও আপসহীন অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তিনি জীবনের বাকি সময় ব্যয় করতে চান।
আক্তারুজ্জামান আরও জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি তিনি সম্পূর্ণভাবে অনুগত থাকবেন এবং সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবেন। পরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে আলিঙ্গন করে স্বাগত জানান এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
উল্লেখ্য, এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হন আক্তারুজ্জামান। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে পরাজিত হন। এর আগে বিএনপির মনোনয়নে ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে একই আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন, যখন আসনটি কেবল কটিয়াদী উপজেলা নিয়ে গঠিত ছিল।