আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জুমা লিখেছেন, “এক এক ফোঁটা রক্তের বদলা নিবো।” তার পোস্টে ব্যবহৃত ভাষা ও অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আলোচনার জন্ম দেয়।
ফেসবুক পোস্টে জুমা আরও লেখেন, তিনি ওসমান হাদি নন যে ভালোবাসা দিয়ে সব জয় করার আহ্বান জানাবেন বা ভাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে ‘সুশীলতা’ দেখাবেন। তিনি বলেন, ভাইয়ের জীবন-মৃত্যুর লড়াইকে ঘিরে যারা নোংরামি করছে, তাদের কর্মকাণ্ড তিনি নজরে রাখছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, হাদির ওপর হামলার ঘটনায় কোনো আপসের জায়গা নেই।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় প্রচার চালানোর প্রস্তুতিকালে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লাইফ সাপোর্ট দিয়ে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
হাদি হামলার ঘটনায় এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব নিন্দা জানিয়েছেন এবং দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর এমন একটি হামলা নির্বাচনকালীন নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।