ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ জানান এবং দেশবাসীর কাছে হাদির জন্য দোয়া কামনা করেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে তিনি জানান, বর্তমানে ওসমান হাদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কিংবা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশ ও শান্তিপূর্ণ রাজনীতির জন্য হুমকি।
তিনি এ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেন এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, আল্লাহ তাআলা যেন শরিফ ওসমান হাদিকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন।