ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসু ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। একই সঙ্গে তিনি এ ঘটনার কঠোর বিচার দাবি করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে আবিদুল ইসলাম খান লেখেন, “নির্বাচনকে ঘিরে পতিত স্বৈরাচারের গুপ্ত হত্যার মিশনই আজকের ঘটনা। জুলাইয়ের সহযোদ্ধা ওসমান হাদী ভাইকে মহান আল্লাহ শেফা দান করুন।”
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে—আমরা কেউই নিরাপদ নই। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পতিত স্বৈরাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
এর আগে শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদী। প্রাথমিক তথ্যে জানা গেছে, তার কানের নিচে গুলি লেগেছে।