গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং গুলিটি এখনও তার মাথার ভেতরে অবস্থান করছে। তিনি বলেন, “হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন। আজ দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে তিনি গুলিবিদ্ধ হন।”
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদও জানান, হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি বলেন, সিটি স্ক্যানে তার মাথার ভেতরে গুলির অস্তিত্ব শনাক্ত হয়েছে। হাসপাতাল পরিচালকের দপ্তর থেকেও একই ধরনের তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকার সামনে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।