ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সংসদ প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে শুক্রবার হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় হাসনাত আবদুল্লাহকে।
শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার মাথার ভেতরে গুলি অবস্থান করছে এবং অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রেখেছেন বলেও জানান তিনি।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “হাদির মতো আমাদের জীবনেরও শঙ্কা রয়েছে। আমাদেরকেও মেরে ফেলা হতে পারে। তবে আমরা জীবন দিয়ে লড়াই করে যেতে চাই।” তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও উত্তেজনা তৈরি করেছে।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নির্বাচনি পরিবেশে সহিংসতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।