ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান একই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হাদীর সমর্থকেরা মির্জা আব্বাসকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
এর আগে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন ওসমান হাদী। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাদীর সহকর্মী মিসবাহ জানান, জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন মসজিদে যাওয়ার কথা ছিল হাদীর।
দুপুরে বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বাম কানে লাগে।
ওসমান হাদীর বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। বর্তমানে তিনি রাজধানীর রামপুরা এলাকায় বসবাস করেন। তার বাবার নাম শরীফ আব্দুল্লাহ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর আড়াইটার পর তাকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।