বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, তিনি আজ কঠিন অসুস্থতার সঙ্গে লড়ছেন। তিনি বলেন, “আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। খালেদা জিয়া বেঁচে থাকা মানেই দেশের গণতন্ত্র শক্ত থাকা, গণতন্ত্রের ভিত্তি মজবুত হওয়া এবং মানুষের মনোবল দৃঢ় থাকা।”
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও মহিলা দলের আয়োজনে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, তারেক রহমান বর্তমানে দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। “তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন। মা–বোন, সাধারণ মানুষের জন্য কী করা প্রয়োজন—এ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন।”
ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে এ্যানি বলেন, “তারেক রহমান প্রধানমন্ত্রী হলে লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে। শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণ এবং এক বছরের বেকার ভাতা দেওয়া হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা আরিফুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমিসহ স্থানীয় নেতৃবৃন্দ।