জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসলামী রাজনৈতিক শক্তিগুলোর জন্য একটি ‘সুবর্ণ সুযোগ’।
তিনি দাবি করেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে দেশের সব ইসলামী দলকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে জামায়াত উদ্যোগী ভূমিকা পালন করেছে। তাঁর মতে, জনগণের গণজোয়ার আগামী দিনে দেশে ইসলামী সরকারের ভিত্তি তৈরি করবে।
মঙ্গলবার দুপুরে ঢাকায় তাঁর সঙ্গে চৌদ্দগ্রাম উপজেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। ডা. তাহের বলেন, “আমরা অতীতের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছি। জনগণের প্রত্যাশা পূরণে ইসলামী দলগুলো একসঙ্গে কাজ করতে বদ্ধপরিকর। আগামী নির্বাচন আমাদের জন্য বড় সম্ভাবনা নিয়ে আসছে।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সমর্থন ইসলামী মূল্যবোধনির্ভর শাসনব্যবস্থার পক্ষে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ গণজোয়ারই আগামী দিনের রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করবে।
সাক্ষাৎকালে কুমিল্লা–১১ (চৌদ্দগ্রাম) আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা মহিউদ্দিন সহিদ পাটোয়ারী উপস্থিত ছিলেন। এছাড়া ইসলামী আন্দোলন চৌদ্দগ্রাম দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল ওহাব, পৌরসভা সভাপতি মাওলানা ইয়াকুব পাটোয়ারী, উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জাহিদ কবির মজুমদারসহ অন্যান্য স্থানীয় নেতারা সেখানে যোগ দেন।
ইসলামী আন্দোলন নেতারা জানান, জনগণের কল্যাণে সামাজিক ন্যায়বিচার, দুর্নীতি দমন, যুবসমাজের সুশিক্ষা ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী রাজনীতির বিকল্প নেই। তারা মনে করেন, সৎ নেতৃত্ব ও মূল্যবোধ–ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় এ ঐক্য ইতিবাচক ভূমিকা রাখবে।
ডা. তাহের আশা প্রকাশ করেন যে, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং ঐক্যবদ্ধ ইসলামী শক্তির মাধ্যমে আগামী দিনে দেশে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও ইসলামী মূল্যবোধসম্মত সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।