আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, নির্বাচনে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, ধানের শীষই হবে মূল শক্তি। তিনি স্পষ্ট করে জানান—দলীয় প্রার্থীদের নিয়ে বিরোধ বা ভিন্নমত থাকতে পারে, কিন্তু দল ও প্রতীকের প্রতি অঙ্গীকারই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক কর্মসূচিতে তিনি এ বক্তব্য দেন। অনুষ্ঠানে দেশের ৭৫টি ইউনিট থেকে এক হাজারেরও বেশি ছাত্রদল নেতাকর্মী অংশ নেন।
তারেক রহমান বলেন, “হয়তো তোমার এলাকার যাকে পছন্দ কর, তিনি মনোনয়ন পাননি। আর যিনি পেয়েছেন তার সঙ্গে তোমার সম্পর্ক কম। কিন্তু ভাই, তুমি তো ব্যক্তির জন্য কাজ করছ না—তুমি কাজ করছ ধানের শীষের জন্য। প্রার্থী নয়, প্রতীকই এখানে মুখ্য।”
তিনি আরও বলেন, দল মানুষের ভোটে বিজয়ী হলে দেশের উন্নয়নের প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। এজন্য ছাত্রদলের প্রতিটি ইউনিটকে মাঠে থেকে জনগণকে সম্পৃক্ত করতে হবে। “আমাদের আজকের কর্মপন্থা—দেশ গড়ার পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া। আগামী দুই মাস এই লক্ষ্যেই কাজ করতে হবে।”
বিএনপির ঘোষণা করা পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে—খাল খননের উদ্যোগ, বায়ুদূষণ রোধ, পরিবেশ রক্ষা, বর্জ্য অপসারণ, গ্রাম থেকে শহর পর্যন্ত ক্রীড়া উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পরিবর্তন, বেকারত্ব দূরীকরণ এবং ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্বাস্থ্য কার্ড চালু করা। তিনি বলেন, “এগুলো কাগজে সীমাবদ্ধ থাকবে না—জনগণের অংশগ্রহণেই এগুলো বাস্তবায়ন করব।”
ছাত্রদলের নেতাকর্মীদের স্ব-স্ব এলাকায় গিয়ে মানুষের সমর্থন আদায় এবং ধানের শীষের পক্ষে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।