যে দলের নিজের কোনও নীতি, আদর্শ ও সুস্পষ্ট কর্মপরিকল্পনা নেই, তারা শুধু ধর্মের নামে জনগণের কাছে ‘ট্যাবলেট’ বিক্রি করে প্রতারণা করছে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায় না। আমরা চাই জনগণের সামনে দেশের আর্থ–সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনীতি পুনরুদ্ধারসহ সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করতে।” জনগণ যেন সহজ ভাষায় বিএনপির নীতিমালা ও কর্মপরিকল্পনা বুঝতে পারে—এটি দলের নেতাকর্মীদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্র পরিচালনায় প্রস্তুতি ও পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায় তাদের জানা উচিত, সেখানে যাওয়ার ‘বাস স্টেশন’ কোথায়। জনগণ এসব বোঝে। আগে থেকেই রোডম্যাপ না থাকলে ব্যর্থ হওয়ার প্রস্তুতি নিয়েই ক্ষমতায় আসতে হয়।” তাঁর মতে, যে দলের আদর্শ ও পরিকল্পনা নেই, তারা টিকে থাকতে ব্যর্থ হবে এবং জনগণ ইতোমধ্যে তাদের মুখোশ চিনে ফেলেছে।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “জামায়াত ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে।” তিনি অভিযোগ করেন, ধর্মকে রাজনৈতিক সোপান হিসেবে ব্যবহার করে দেশের সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে জামায়াত।
বিএনপির সাতদিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির এটি দ্বিতীয় দিন। এ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হওয়া উচিত—সেই বিষয়ে জনগণের মতামত সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত মতামতের ভিত্তিতেই প্রণয়ন করা হবে বিএনপির নির্বাচনী ইশতেহার। দ্বিতীয় দিনের সেশন শেষে সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মসূচি চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত।